ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের পাল্টা কর্মসূচি
‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’ ব্যানারে পাল্টা কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হয়।
এর আগে, সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংকের সামনে জড়ো হন একসময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মী। তাদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
গ্রাহক সমন্বয় পরিষদের সমাবেশ থেকে ৫ দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি নূরুন নবী মানিক। দাবিগুলো হলো- ১. এস আলমসহ সব শীর্ষ লুটেরাকে গ্রেপ্তার ও দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং পাচার করা অর্থ ফেরত আনা; ২. ব্যাংক রেজুলেশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করা; ৩. ব্যাংকের সামনে মব সৃষ্টিকারীর সুযোগ দেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে; ৪. মব সৃষ্টিকারী কাউকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না এবং ৫. ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে হাতে অতিসত্বর ব্যাংক মালিকানা ফেরত দিতে হবে।
এসব দাবি আদায়ে জনমত গঠনে লিফলেট বিতরণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধনে। আগামী ১৫ দিন এই কর্মসূচি পালিত হবে জানান তারা।